টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে নদ-নদী ও ছড়াগুলোর পানি দ্রুত বাড়ছে।
এদিকে, মহালছড়ির মাইসছড়ি সড়কে নদীর পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন স্থানেও পানি উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে এসব সড়কে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে, অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনাও ঘটছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, “যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
