খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সাড়ে ১১ টার দিকে ব্যাটারি চালিত টমটমে করে পানছড়ি অভিমুখে যাচ্ছিল নিহতরা। এ সময় মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে আগ থেকে অবস্থান করা এক দল সশস্ত্র যুবক তাদের গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।
পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
