কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বরইতলী-পেকুয়া সড়কের নতুন রাস্তার মাথার পশ্চিম পাশে মোহাজেরপাড়া এলাকার আমিনের দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুবুল আলম (৩০) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাসেল প্রকাশ শুক্কর (২৪)। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রী।
এছাড়া আহত সাহেদ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লাকড়ির স্তুপ করে রাখায় পেকুয়া থেকে চট্টগ্রামগামী একটি নোহা গাড়ি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ সময় গ্রামের রাস্তা থেকে মোটরসাইকেলটি মহাসড়কে উঠতেই নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুল আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাসেল ও সাহেদকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত সাহেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনায় প্রথমে ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
