বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
বৃহস্পতিবার (মধ্যরাত) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কক্সবাজার ও মহেশখালী উপকূলের শত শত জেলে নতুন উদ্যমে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ সময় মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ কার্যক্রম বন্ধ থাকায় জেলেরা কর্মহীন হয়ে পড়েন এবং অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হয়।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মহেশখালী ও কক্সবাজারের বিভিন্ন ফিশারিঘাট, জেটিঘাট ও উপকূলীয় এলাকায় শুরু হয় ব্যাপক প্রস্তুতি।
জেলেরা ট্রলার মেরামত, জাল সেলাই, নতুন রং করা, বরফ ও জ্বালানি সংগ্রহসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেন। মধ্যরাত পেরোতেই একে একে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দেয়।
দীর্ঘ দুই মাস পর আবারও সাগরে ফিরতে পেরে জেলেদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। তাদের আশা, নিষেধাজ্ঞার ফলে সাগরে মাছের প্রজনন ও বংশবিস্তার বৃদ্ধি পেয়েছে, যার সুফল হিসেবে এবার ভালো পরিমাণ মাছ পাওয়া যাবে। এতে দীর্ঘদিনের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম আশা বলেন, “সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের এ উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। নিষেধাজ্ঞার কারণে মাছের প্রজনন ও বৃদ্ধি নির্বিঘ্ন হয়েছে। ফলে জেলেরা এবার সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ পেয়ে লাভবান হবেন বলে আমরা আশা করছি।”
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলজুড়ে আবারও প্রাণ ফিরে এসেছে। জেলেদের ব্যস্ততা, ট্রলারের গর্জন আর নতুন স্বপ্নে মুখর হয়ে উঠেছে সাগরপাড়ের জনপদ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
