চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে আইনগত, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দর, আমদানি-রপ্তানির কেন্দ্রবিন্দু এবং শিল্প-বাণিজ্যের অন্যতম প্রধান নগরী।
দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ হিসেবে ঘোষণা করেছিলেন।
তবে এ ঘোষণার পর এ বিষয়ে কোনো প্রশাসনিক আদেশ জারি করা হয়নি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়টি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
চট্টগ্রামের উন্নয়ন ও আধুনিকায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার এটিকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক রাজধানী এবং কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে শুধু বন্দর উন্নয়নই যথেষ্ট নয়। অর্থনীতি, অবকাঠামো, নগর ব্যবস্থাপনা, বিনিয়োগ পরিবেশ, আন্তর্জাতিক বিমানবন্দর এবং উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে আইনগত, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থা উন্নয়ন, কাস্টমস ও ডিজিটাল সেবা দ্রুততর করা, গভীর সমুদ্রবন্দর এবং মাল্টিমোডাল পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ, নাব্যতা বৃদ্ধি ও পণ্য খালাস কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বন্দর থেকে শিল্পাঞ্চল ও দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত পণ্য পরিবহনের ব্যবস্থা গড়ে তোলা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করা গেলে চট্টগ্রাম বন্দরকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
