চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল ইয়াবা চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,৫০ কোটি টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ৮ জুন) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তৎক্ষণাৎ গাড়িটির পিছু ধাওয়া করে।
একপর্যায়ে বড়দারোগাহাট স্কুলের পাশে গাড়িটি থামিয়ে এক পুরুষ ও এক নারী আরোহী দ্রুত নেমে অন্ধকারে আত্মগোপন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারটি জব্দ করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেলের উপস্থিতিতে জব্দকৃত কারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে একটি বিশেষ কায়দায় তৈরি গ্যাসের ট্যাংকি দেখতে পায় পুলিশ। ট্যাংকিটি খোলার পর তার ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, জব্দকৃত প্রাইভেটকারটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এর প্রকৃত মালিক কে—তা অনুসন্ধানের পাশাপাশি এই বিশাল মাদক চালানের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
অভিযান ও তল্লাশিকালে ওসি মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জাফর, এসআই আশরাফসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেল সাংবাদিকদের বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সরকার ও পুলিশ প্রশাসন (জিরো টলারেন্স) নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
