চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়্যালস।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় নাইনটিজ উইলো ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম লিজেন্ডকে।
দিনের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চিটাগাং রয়েলস ৭ উইকেটে হারায় হোয়াইট ফ্যালকনকে।
দিনের প্রথম খেলায় টসে হেরে ব্যাট করতে নামা নাইটিজ উইলো নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে।
দলের পক্ষে মাহবুবুল করিম মিঠু ২০ বলে ২৩, পিটার ২৪ বলে সমান ৪০, মাহমুদুল ইসলাম ১৭ রান, মাসুদ পারভেজ ৩৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করেন। লিপন মাত্র ৭ বলে ৩ ছক্কায় ২০ রান করেন। অধিনায়ক নিয়াজুদ্দিন ১৬ রানে অপরাজিত ছিলেন।
চট্টগ্রাম লিজেন্ডের শফিক ২টি উইকেট লাভ করেন। এছাড়া, ১টি করে উইকেট লাভ করেন ইমতিয়াজ, মাহাফুজ, জনি ও নাজমুল।
জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম লিজেন্ড ।

দলের পক্ষে মাহফুজ ২২ রান ছাড়া আর কেউ দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বল হাতে নাইটিজ উইলোর পিটার ঘোষ ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। এছাড়া, নিয়াজ নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন পিটার। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র ব্যাংকার ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের তথ্য ও প্রচার সম্পাদক আরিফ উদ্দিন রাসেল।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় হোয়াইট ফ্যালকন। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে রাজিবের ব্যাট থেকে। ২১ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া, অন্যান্য ব্যাটারদের মধ্যে সুজন দাশ ১৩, মাসুম ১২, আসাদ ১২ ও রাজিব ১১ রান করেন।
চিটাগাং রয়েলসের হয়ে বল হাতে রঞ্জিত ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া রিপন, প্রণব, নাজিম, মিটু ও শাকি প্রত্যেকে ১টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নামা চিটাগাং রয়েলসের উদ্বোধনী ব্যাটার রয়েল দাশ গুপ্তের অনবদ্য ফিফটি ও সাকিবুর রহমানের অপরাজিত ৩৩ রানের সুবাধে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় । রয়েল ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করেন।
এছাড়া ডালিম ১৬ ও সৌরভ ১৩ রান করেন। হোয়াইট ফ্যালকনের ইমরান, মাসুম ও খোরশেদ একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা রঞ্জিতের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। ঈদুল আযহার বিরতির পর আগামী ৫ জুন থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্টের খেলাসমূহ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
