চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রজন্মকে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারাকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস এর আয়োজন করেছে, আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার জন্যই। সুতরাং এই ধরনের কারাতে চর্চা যত বাড়বে, ততই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।’
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।
চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্ব অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ফয়সাল আহমেদ, উপ পুলিশ কমিশনার (হেড কোয়াটার) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার-ডিবি উত্তর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম আবু ছালেহ, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান আছিফ চৌধুরী, জাসাস-চট্টগ্রাম মহানগর সভাপতি মামুনুর রশিদ শিপন প্রমুখ।
অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে পরিচালনা করেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ শিহান কাউসার আহমেদ ও বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা এস আই লতা পারভীন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সাটিফিকেট তুলে দেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
