চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ৮৬ রানে আগ্রাবাদ মাস্টার্সকে হারিয়ে শুভসূচনা করে চট্টগ্রাম মাস্টার্স। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম লিজেন্ডস ১৭ রানে হারায় কুল ওয়ারিয়র্সকে।
দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ গড়ে।
দলের পক্ষে শাবিবুল আজম ৫৪ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ১১টি ছক্কা মারেন। এছাড়া একরামুল হক ৩৩ বলে ৫৪ রান এবং রাজিব মোস্তফা ২৩ রান করেন।

জবাবে আগ্রাবাদ মাস্টার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সবুজ নন্দী ৩৭, এস এম খায়রুল ৩৫ ও ফাহিম চৌধুরী ২৯ রান করেন। চট্টগ্রাম মাস্টার্সের হয়ে পিপলু দে ৩টি এবং নজমুল ওয়াহাব ও রুবেল আরাফাত ২টি করে উইকেট নেন। অসাধারণ সেঞ্চুরির জন্য শাবিবুল আজম ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার জয়নাল আবেদীন।
দিনের অপর ম্যাচে চট্টগ্রাম লিজেন্ডস ১৭ রানে হারায় কুল ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম লিজেন্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহাফুজুল ৪২, রফিক ১৭ এবং বেলাল করেন ২৮ রান। ইমতিয়াজ উদ্দিন ২২ রানে অপরাজিত থাকেন। কুল ওয়ারিয়র্সের পক্ষে ফজলে আহসান টিটু ২টি উইকেট লাভ করেন। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আহমেদ রাজীব শিপলু ৫২ বলে ৭৭ রান করে অপ৬ থাকেন।
এছাড়া রাশেদ করেন ২৫ রান।
চট্টগ্রাম লিজেন্ডসের পক্ষে ইমতিয়াজ উদ্দিন ২২ রানে ৩ উইকেট লাভ করেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ইমতিয়াজ উদ্দিন ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার সাইয়েদ হোসাইন পিশনামায, ইস্পাহানি টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মাঈনুদ্দিন হাসান, ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম, সিজেকেস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহসভাপতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক আরিফ উদ্দিন রাসেল, সমাজকল্যাণ সম্পাদক আরিফুল হক, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আজিজুল হক বুলবুল, কাউন্সিলর জিএম হাসান, সদস্য সাইফুল্লাহ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, সিনিয়র আম্পায়ার আলী আকবর, সুজন দাশ, আম্পায়ার ফজলে এলাহী পায়েল, সুফি হাসান শরীফ, বাবলি আসাম, স্কোরার নুরুল করিম টিপু, অভিজিৎ ঘোষসহ সিজেকেএস ক্লাব এর বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকগণ।
এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল : চিটাগাং রয়েলস, নাইনটিজ উইলোস, চিটাগাং সিটি কর্পোরেশন মাস্টার্স, চট্টগ্রাম মাস্টার্স, আগ্রাবাদ মাস্টার্স, কোল ওয়ারিয়র্স, রিল্যায়েন্স স্পোর্টস, চট্টগ্রাম লিজেন্ড, হোয়াইট ফ্যালকন, হাক্কানি ক্রিকেট ক্লাব।
চট্টগ্রামনিউজ/ এসডি/
