বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) সকাল ৭টা ৪০ মিনিটে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার মাত্র চার মিনিট পর, সকাল ৭টা ৪৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৩ মে পর্যন্ত আলীকদমে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৪ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া জরুরি বিভাগ ও বহির্বিভাগ থেকে আরও অর্ধশতাধিক শিশু চিকিৎসাসেবা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৬ জনকে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
হামের বিস্তার রোধে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। এসব ক্যাম্পের মাধ্যমে এখন পর্যন্ত ৪১০ জন শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাদান ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম এলাকার কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দ্রুত বিশেষ টিকাদান ও পুষ্টি কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ বলেন, হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রোর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আর এইচ
