“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।
শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রান্তে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে, যারই ধারাবাহিকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা অর্জন করে, যা ভবিষ্যতে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এরশাদ উল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে দেশের ক্রীড়া খাত আরও সমৃদ্ধ হয়।”
আর এইচ
