ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি, পিএসসি, র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছর অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের একটি অংশ পক্ষপাতিত্বের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনসহ প্রতিটি নির্বাচন কাঠামো ধ্বংস করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যার পরিণতিতে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য ২০২৪ সালে ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ঘটায়। এই প্রক্রিয়ার মদদদাতা ও সহযোগীদের অনেকেই আজ করুণ পরিণতির শিকার— কেউ চাকরিচ্যুত, কেউ পলাতক, কেউ কারাগারে বা আইন-আদালতের মুখোমুখি। এমনকি তাদের পরিবার-পরিজনও কঠিন সময় পার করছে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের কাঁধে। সামান্যতম ভুল বা বিচ্যুতি যেন নির্বাচন ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে— সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ এই সেলে জানানো যাবে। এতে সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিরা থাকবেন এবং মাঠপর্যায়ের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদান নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এনটিএমসি কর্তৃক প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’। এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার সম্ভব হবে।
নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের দ্রুত প্রবেশপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে এবং ভোটকেন্দ্রে অবাধ প্রবেশ ও তথ্য সংগ্রহে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিন এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ‘স্টিল ফ্রেম অব ব্যুরোক্রেসি’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও বিজিবির প্রতিনিধি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুলনা বিভাগের নির্বাচনি প্রস্তুতি সন্তোষজনক। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, অপতথ্য বা মিথ্যা সংবাদ ভোটের পরিবেশ বিঘ্নিত করতে পারে। তথ্যপ্রযুক্তির ব্যবহার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’-এর কার্যকর প্রয়োগের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আর এইচ/
