চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে বসতঘর।শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মাওলানা ইসমাঈলের বাড়ি হারুনুর রশীদের ঘরে এ ঘটনা ঘটেছে।হারুনুর রশিদ পেশায় পোলট্রি খামারি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। আগুনে ৬ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। একই সাথে ব্যবসার ২ লাখ ২২ হাজার টাকাসহ মেয়ের ৪ ভরি স্বর্ণের গয়নাও ভস্মীভূত হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৬ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আর এইচ/
