চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার, বাসি গ্রিল ও চিকেন ফ্রাই সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁ সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্তোরাঁটিতে রান্নার কাজে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার পাওয়া যায়। পাশাপাশি দীর্ঘদিনের বাসি গ্রিল ও চিকেন ফ্রাই মজুত রেখে সেগুলো বিক্রির প্রস্তুতি এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল বলে জানান কর্মকর্তারা। এসব অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে দোহা ফুড’কে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখার অপরাধে খাজা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আর এইচ/
