চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি )রাত আনুমানিক ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি ছিলেন। ওই মামলায় তিনি ছয় মাস কারাভোগ করেন।
রাজনৈতিক জীবনে তিনি টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তিনি পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। পরবর্তীতে ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ওই পদে নির্বাচিত হন।
বিশেষ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন।
আর এইচ/
