চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জামাল উদ্দিন (৩২)।
স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে কয়েকজন বহিরাগত সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ করে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। হামলায় তার সঙ্গে থাকা অপর একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে অবহিত করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে টহল দিচ্ছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
আর এইচ/
