চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে রুবেল (৩০) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টা থেকে দিবাগত রাত পৌনে ৩টা পর্যন্ত উপজেলার পোমরা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— পোমরা আজিম নগরের মৃত দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), উপজেলার গুনগুনিয়া বেতাগীর মো. মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২) এবং পোমরা হাইনি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে ওবায়দুল মুস্তফা সৌরভ (৩১)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোমরা ইউনিয়নের বালুঘাট ফকিরবাড়ির দিদার আলমের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে অপহৃত রুবেলকে উদ্ধার করা হয়। এ সময় মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
সূত্র জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।
আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আর এইচ/
