চট্টগ্রামের আনোয়ারায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়কালী বাজার এলাকায় প্রায় শতবর্ষী একটি পুকুর ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, পরিবেশ ও জলাধার রক্ষায় অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আর এইচ/
