কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ তারেক আজিজ (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত তারেক আজিজ ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার সময় চকরিয়া সেনাক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় ছিল। এসব চক্রের অপতৎপরতা দমন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান চালায়।
অভিযান চলাকালীন যৌথ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন তারেক আজিজের বাড়ি তল্লাশি করেন। এসময় তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, তারেক পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
