রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার ইমামতি করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিদেশি কূটনীতিক ও সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। জনস্রোত মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণা করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান – মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা প্রার্থনা করে সকলের কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেন।
কঠোর নিরাপত্তার মধ্যেও মানুষের শোকের ছায়া কাটেনি। মরদেহবাহী গাড়িটি দাফনের উদ্দেশে রওনা হলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ দুই হাত তুলে মোনাজাত করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আর এইচ/
