নির্বাচনী প্রচারণার সময় নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এ সংক্রান্ত একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ২ মিনিট ৪৪ সেকেন্ডের ওই অডিওতে কর্ণেল অলি আহমদকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নিরাপত্তামূলক বিভিন্ন দিকনির্দেশনা দিতে শোনা যায়। কর্ণেল অলির পৈত্রিক বসতঘর চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকায়। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) তাঁর নির্বাচনী এলাকা। তাঁর সন্তান এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যত্রতত্র মব সৃষ্টির কারণে জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ব্যক্তিগত পর্যায়ে কয়েকজনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে কর্ণেল অলি আহমদও রয়েছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি নির্বাচনী প্রচারণার সময় অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দেন।
ভাইরাল অডিওতে কর্ণেল অলি আহমদকে বলতে শোনা যায়, খাগরিয়া, হাশিমপুর ও চন্দনাইশ পৌরসভাসহ যেসব এলাকায় গণসংযোগ করা হবে, সেখানে নিজস্ব ও স্থানীয় অন্তত ১০ থেকে ১৫ জন লোক তাঁকে ও ওমর ফারুককে ঘিরে রাখবে। মিছিলে যেন কোনো অপরিচিত ব্যক্তি ঢুকতে না পারে এবং কোনো মোটরসাইকেল যাতে মিছিল অতিক্রম করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। মিছিলের সামনে ও পেছনে নির্দিষ্ট সংখ্যক লোক রাখার নির্দেশনাও দেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্ণেল অলি আহমদ অডিও বার্তায় বলেন, দেশে এখন অনেক গোলমাল হচ্ছে এবং সামনে আরও অস্থিরতা ও রক্তপাত বাড়তে পারে। এ অবস্থায় প্রত্যেককে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তাঁর ও তাঁর সন্তান ওমর ফারুকের নিরাপত্তার জন্য বাড়ি থেকে নির্দিষ্ট লোকজন থাকবে এবং বাইরের দায়িত্বে থাকবে স্থানীয় নেতা-কর্মীরা। কোনো সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তি যাতে মিছিলে অংশ নিতে না পারে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অডিওটির সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনাই দিয়েছেন আমাদের নেতা কর্ণেল অলি আহমদ।
আর এইচ/
