রোভার স্কাউটদের দেশপ্রেমী, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ‘মিট দ্য রোভারস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রোভার স্কাউটদের সুপরিকল্পিত, সুশৃঙ্খল ও গোছানো আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নিজেদের পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রকে বদলানো সম্ভব। কেবল ব্যক্তিগত সাফল্যই নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্য কী অবদান রাখা গেল—সেটিই প্রকৃত সার্থকতা। তিনি বলেন, ‘রাষ্ট্র আমাকে কী দিয়েছে’—এই চিন্তা থেকে বেরিয়ে এসে ‘আমি রাষ্ট্রকে কী দিতে পেরেছি’—এই মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য আসে না। রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের হাতেই ন্যস্ত। তরুণদের হাত ধরেই একদিন দেশ বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনকে উৎসবমুখর করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ, প্রোগ্রাম চিফ এস এম হাবীব উল্লাহ হিরু এবং চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।
রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই রোভার মুটে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার বিভিন্ন রোভার ইউনিট অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীরা তাবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আর এইচ/
