ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নবম দিনে শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামে তিন আসন থেকে বিএনপির আরও ৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি-জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ মিলে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৩১ জন প্রার্থী।
শনিবার চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন এই তিন প্রার্থী ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে বিএনপির নাছিরুল আনোয়ার মানিক আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফা কামাল পাশা গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি মনোনয়ন সংগ্রহ করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে।
অপর দিকে চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে বিএনপির শহীদুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আস থেকে ৩১ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য।
ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
