জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে আজ (রোববার) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। সিআইডি মরদেহগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত সম্পন্ন করবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, রোববার সকাল থেকেই সিআইডির ফরেনসিক টিম কাজ শুরু করবে। নমুনা সংগ্রহ শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো পুনরায় দাফন করা হবে।
মরদেহ উত্তোলন শুরুর আগে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ব্রিফিং করবেন সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কবরস্থান এলাকায় ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে শহীদদের দাফনস্থল মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। উত্তোলন প্রক্রিয়ার সহায়তায় কবরস্থানে সাময়িক তাঁবুও স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি চেয়েছিলেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।
আর এইচ/
