চট্টগ্রামে পথশিশুদের মুখে হাসি ফোটাতে নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান)-এর যৌথ উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সিআরবি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ান-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল বলেন, “মানবিক কাজে নগরফুলের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এসব সামাজিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ওয়ান-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান, মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা, ম্যানেজার আতিকুর রহমান, নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম, সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক এমজি রহমান এবং কার্যনির্বাহী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরফুলের প্রজেক্ট ডিরেক্টর, শাখা চিফ ও স্বেচ্ছাসেবকরা।
সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম ওয়ান-এর সহায়তার প্রশংসা করে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কার্যক্রম। এ ধরনের সহযোগিতা আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ ও শীতের পিঠা পরিবেশন করা হয়। পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।
আর এইচ/
