চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদ ইউনিয়নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছবাহী একটি পিকআপ (নেত্রকোনা ড-১১-০০৭৪) ও একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ ১১-৫০৭৯) মুখোমুখি সংঘর্ষে দু’টি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই গাড়ির সমস্ত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চমেক হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক কাউসার (২৯) মারা যান। তিনি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার চানপুর নতুন পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর।
গুরুতর আহতরা হলেন, মুরাদ (২৩), আবু মুসা (৪০), আহমদ হোসেন (৭০), সোলেমান (২৮), আবদুল্লাহ (০৩)। সকলেই ভূজপুর থানার হালদাবিল এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মাইক্রোবাসটি আটক করে এবং নিহত ব্যক্তির মরদেহ হেফাজতে নেয়। লাশের সুরতহাল ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আর এইচ/
