বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দলটি বুধবার সকালে এবং চীনের চিকিৎসক দলটি একই দিন সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দুই দেশের চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন।
গত ১০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। রোববার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আবারও তার অবস্থার অবনতি ঘটে।
চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় পরিবার ও দলের নেতারা আশাবাদী বলে জানা গেছে।
আর এইচ/
