ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি নাসির উদ্দিন বলেন, “গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে জনগণকে ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে সার্বিক প্রচারণা চালাবে। এরই মধ্যে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আগে কখনোই পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মাঠে কাজ করছে। ছিনতাই-চুরির কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন— নির্বাচনের সময় পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।
মক ভোটিংয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, “আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা করতে হলে পরিবেশ কেমন হওয়া উচিত— সেটি যাচাই করতেই আমরা মক ভোটিং চালাচ্ছি। গত ১৫ বছরে অনেকেই ভোটদানের প্রক্রিয়া কাছ থেকে দেখেননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো ও শেখাতেই এই উদ্যোগ।”
তিনি আরও জানান, দুই ধরনের ব্যালটে ভোট দিতে কত সময় লাগে এবং ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেন, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
আর এইচ/
