চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা যুবককে আটক করেছে প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা একযোগে অভিযান চালায়। এসময় ছদাহা ইউনিয়ন এলাকা থেকে নির্মাণ কাজে নিয়োজিত ১০ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। একই রাতে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের থানা পুলিশের মাধ্যমে নির্ধারিত রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, অবৈধভাবে কাজ করা রোহিঙ্গাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/
