চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোলট্রি খামারে আগুন লেগে প্রায় ২ হাজার ৩শ মুরগি পুড়ে গেছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আলাউদ্দিন পোলট্রি খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত পোলট্রি খামার মালিক আলাউদ্দিন জানান, প্রায় চার হাজার বর্গফুটের খামারটিতে ছয় দিন আগে দুই হাজার তিনশ মুরগির বাচ্চা তুলেছিলেন। রোববার দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো খামারটি পুড়ে ছাই হয়ে যায়। এতে খামারের সব মুরগির বাচ্চা ও কাঠামো মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর আমরা কিছুটা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতেও সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ বলেন, ‘আলাউদ্দিন পোলট্রি খামারে আগুনে প্রায় ২ হাজার ৩শ মুরগির বাচ্চাসহ পুরো খামারটি পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে খামার মালিককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
আর এইচ/
