চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তৃণমূল। মাথায় কাফনের কাপড় বেঁধে, “সরওয়ার জামাল নিজাম বয়কট” লেখা ফেস্টুন-ব্যানার হাতে হাজারো নেতাকর্মী শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
বিকালে আনোয়ারার চায়না রোড মোড় থেকে মিছিলটি বের হয়ে চাতরী চৌমুহনী চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। দীর্ঘ মিছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় এক ঘণ্টা চায়না রোডের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন—যত দ্রুত সম্ভব সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করা গেলে দলের জন্য মঙ্গল হবে। তার বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’, ‘সুবিধাবাদ’ ও তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখাসহ নানা অভিযোগ তুলেন বক্তারা। তারা বলেন, দলের দুঃসময়ে সরওয়ার নিজাম ছিলেন না। বিদেশে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়েছেন, আন্দোলন-সংগ্রামে মাঠে নামেননি। অথচ সুযোগ এলে বারবার অসৎ পন্থায় মনোনয়ন ভাগিয়ে নেন।
নেতাকর্মীদের দাবি, সরওয়ার জামাল নিজামকে প্রার্থী রাখা হলে আসনটি ঝুঁকিতে পড়বে। তাই অচিরেই তার মনোনয়ন বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন—মো. রফিক, আবুল কাসেম, মোস্তাক আহমদ, জামাল হোসেন, জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, আবুল কালাম, সৈয়দ আহমদ, এরফানুর রহমান, মহিউদ্দিন, সাইফুদ্দিন দস্তসীর, শফিউল আলম, মো. এরশাদসহ আরো অনেকে।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, কাফনের কাপড় পরে মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহসহ টানা কর্মসূচি পালন করে আসছেন মনোনয়ন বঞ্চিত তিন নেতার অনুসারীরা। এতে তৃণমূলে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ১৩ নভেম্বর সরওয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এসএম মামুন মিয়া।
তাদের অভিযোগ—সরওয়ার জামাল নিজাম ২০২৩ সালের ১৮ অক্টোবর দেশ ত্যাগ করেন এবং ২০২৪ সালের ২৩ জানুয়ারি তথাকথিত ‘আমি–তুমি–ডামি’ নির্বাচনের পর দেশে ফেরেন। পূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৯১ সালে প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর নৌকা প্রতীকের প্রধান এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
চিঠিতে আরও অভিযোগ করা হয়—সরওয়ার জামাল নিজামের মতো স্বার্থপর ও সুবিধাবাদী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দলের দুঃসময়ের মজলুম নেতাকর্মীদের প্রতি অবিচার করা হয়েছে।
আর এইচ/
