মিরপুর টেস্টে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এমন অবিস্মরণীয় কীর্তির জন্য এই অভিজ্ঞ ব্যাটারকে সম্মাননা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
এ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাঠে উপস্থিত থেকে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ। পাশাপাশি শততম টেস্ট খেলার জন্য মুশফিককে অভিনন্দন জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এরপর মুশফিক সেঞ্চুরি পূর্ণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আসিফ মাহমুদ। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে আজ শেষ করেছেন তিনি। কাল শততম টেস্টে শতরান করবেন, এটা আমাদের একটা প্রাপ্তি হবে।’
তিনি আরও বলেন, ‘আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। মুশফিক ভাইয়ের সাথে আমাদের শৈশব জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, এবার দল স্টেবল হবে, এখন একটু রান হবে, দল টিকতে পারবে।’
এ সময় মিরপুরের গ্রাউন্ড স্টাফদের সাথে দেখা করেন আসিফ মাহমুদ।
আর এইচ/
