চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছেন বন্দর রক্ষা পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের বড় পোল এলাকায় পোর্ট কানেকটিং সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত শ্রমিক অংশ নিয়ে স্লোগান দেন—‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক’ ইত্যাদি।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের মানুষের করের টাকায় নির্মিত। উন্নয়নের নামে বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। দুই দিন আগের প্রতিবেদনে দেখা গেছে, বন্দর আগের চেয়ে ২১ শতাংশ বেশি আয় করেছে। দক্ষতা বাড়াতে চাইলে ট্রেইনার আনা যেতে পারে, কিন্তু ইজারা দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে যদি সিসিটি–এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তবে চট্টগ্রামসহ সারাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। যতক্ষণ শরীরে রক্ত আছে ততক্ষণ আমরা এটি হতে দেব না।”
সমাবেশে বক্তারা জানান, সিসিটি ও এনসিটি সম্পূর্ণ লাভজনক টার্মিনাল, যেখানে বিদেশিদের বিনিয়োগের প্রয়োজন নেই। এসব টার্মিনাল বিদেশিদের হাতে গেলে দেশের ডলার বিদেশে চলে যাবে। তবে বে-টার্মিনালের মতো নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগে তাদের আপত্তি নেই।
শ্রমিক নেতারা ৪০ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আর এইচ/
