ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় সেই সংখ্যায় কিছু পরিবর্তন হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী -পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন,হিজড়া ভোটার: ১ হাজার ২৩৪ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আর এইচ/
