রাঙামাটি-কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে মিলনছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরেক নারী যাত্রী আহত হয়ে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ একটি বন্য হাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তেই হাতিটি গাড়িটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় চালক দুলাল দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পেলেও দুই নারী যাত্রীর একজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রশি ব্যবহার করে খাদে পড়ে থাকা অটোরিকশাটি উদ্ধার করে। উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি সদস্যরা সহায়তা করেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, “খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছি। বন বিভাগ ও ইআরটির সহযোগিতায় গাড়িটিকে খাদ থেকে তুলতে সক্ষম হই।”
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, “দুই নারী যাত্রী আহত হন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।”
আর এইচ/
