৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবজ্ঞা’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার দুপুর ২টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে অনুষ্ঠিত এ সমাবেশে মুহাম্মদ শাহজাহান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই পরিস্থিতিতে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন জনগণের রক্তঝরা আন্দোলনকে অসম্মান করার শামিল।” তিনি সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে। “মানুষ বিভ্রান্ত নয়, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছিল তারা সব জানে। উপদেষ্টা পরিষদ আজ যে দায়িত্ব পালন করছেন—তা সেই বিপ্লবের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। অথচ জুলাই গণভোটের জন্য তাদের কাছে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি, যা দুঃখজনক।”
মুহাম্মদ শাহজাহান বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। “সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, জনগণ আবারও অধিকার রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে; তখন কাউকে দমানো সম্ভব হবে না।”
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে ৫ দফা দাবি সময়ের অনিবার্য দাবি। জনগণের মতামত ছাড়া গণভোটসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে গণতন্ত্র আরও দুর্বল হয়ে পড়বে।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। পরিচালনা করেন নগর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “দেশ আজ গভীর সংকটের প্রান্তে। জনগণের ভোটাধিকার, রাষ্ট্রের নৈতিক ভিত্তি—সবকিছুই হুমকির মুখে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে—এটাই হলো শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ।” তিনি ইন্টেরিম সরকারের ওপর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তোলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস; নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান; চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাছের, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে চকবাজার অলি খাঁ মোড়ে শেষ হয়। শান্তিপূর্ণভাবে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
আর এইচ/
