আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের আওতাধীন আগ্রাবাদ ও হালিশহর বিক্রয় ও বিতরণ বিভাগে অভিযান চালিয়েছে দুদক।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- পিএসডিসি ইউইসিসি এসি জেবি, পিএসডিসি ইউইসিসি জেবি ও মেসার্স সোহেল ইনকর্পোরেশন। আজ রবিবার ৯ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলনের নেতৃত্বে দুদকের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।
এ সময় দপ্তরে সংরক্ষিত রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করা হয়। পাশাপাশি কতৃপক্ষের বক্তব্যও গ্রহণ করা হয়। এছাড়া দরপত্রে অংশগ্রহণকারী প্রত্যেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়েছে।
টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার, ই-জিপিতে কালো তালিকাভুক্তি ইত্যাদির সঠিকতা যাচাই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।
দুদক কর্মককর্তা সায়েদ আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে আরো রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
