স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবার পূজাকে বিঘ্নিত করার জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্র করা হয়েছিল। শুরুতে ‘চয়নশীল’ নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হলেও প্রমাণিত হয়েছে তিনি কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণ ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, তবে তারা ব্যর্থ হয়েছে।”
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতকারী বাইরে থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু এবারের মতো সারা দেশেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও আশা প্রকাশ করেন, আগামীকাল (দশমী) বিসর্জন অনুষ্ঠানও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়সহ অন্যান্য ধর্মীয় উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
