চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ মো. ওসমান (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী শাহ আলম (৪০) পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী সৈকত সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
গ্রেফতার ওসমান নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়ার হাজী দুলা মিয়া সওদাগর বাড়ির দুদু মিয়ার ছেলে। তার নিজ বাড়ি ও স্থানীয় একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তল্লাশি চালিয়ে পুলিশ ২টি দেশীয় তৈরি এলজি, চায়না রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ২২ রাউন্ড গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওসমান ও পলাতক শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
উদ্ধারকৃত অস্ত্র-গুলির ঘটনায় এসআই (নি.) মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে রাউজান থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশের সিডিএমএসে যাচাই করে দেখা গেছে, পলাতক শাহ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আর এইচ/
