নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাত, পানি ব্যবস্থাপনা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহেই বাংলাদেশে আসবে এবং নেদারল্যান্ডস এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।
এছাড়া পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ যে উপকৃত হয়েছে, তা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। একে অপরের অভিজ্ঞতা থেকে শিখে একসঙ্গে কাজ করার সুযোগ আছে।”
রাষ্ট্রদূত বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে উদ্ভাবন এবং সাম্প্রতিক উন্নয়ন অর্জনের প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যুতে সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে কক্সবাজারে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা তহবিল ঘাটতির কারণে হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবিদার। বিভিন্ন বৈশ্বিক সংঘাতের কারণে এ ইস্যুটি আড়ালে চলে যাচ্ছে।
সাক্ষাৎকালে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
