চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনা সূত্র জানায়, অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীও ধরা পড়ে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
টাস্কফোর্সের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তাকে অবশেষে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন,“রবিবার রাতে যৌথ অভিযানে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”
আর এইচ/
