চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মো. জাহাঙ্গীর আলম (৬০) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে আনোয়ারা থানাধীন গুয়াপঞ্চক এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। স্থানীয় সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার বিএ-৮১৭৫ মেজর আরাফাত (৩৮ এডি টুআইসি), টাস্ক ফোর্স-২ এর নেতৃত্বে আসামির বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে ৩০ লিটার দেশীয় মদ, ৫টি চাপাতি, ৩টি রামদা, ৯টি চাকু, ৭টি মেস ও ৩০টি গ্যাস লাইট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত জাহাঙ্গীর আলমকে জব্দকৃত মালামালসহ রাত ১০টার দিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।”
আর এইচ/
