চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। আগুনে একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মোহরার মল্লর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), পুত্রবধূ কনা ঘোষ (৩৫) ও নাতনি শশী ঘোষ (১০) আগুনে দগ্ধ হন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় শিশুটি শশী ঘোষকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কালুরঘাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফখরু উদ্দীন বলেন, “দুটি ইউনিট দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল।
আর এইচ/
