উত্তরাঞ্চলের মানুষদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
বুধবার (২০ আগস্ট ) দুপুরে সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রায় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার। দুই লেনবিশিষ্ট প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুটির মোট স্প্যান সংখ্যা ৩১টি।
নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (SFD) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (OFID)।
সেতুটি চালু হওয়ার ফলে সরাসরি সড়কপথে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে যোগাযোগ স্থাপিত হলো। এর ফলে শিল্প ও কৃষিজ পণ্য পরিবহন যেমন সহজ হবে, তেমনি তৈরি হবে নতুন শিল্পকারখানা স্থাপনের সুযোগও।

স্থানীয়দের মতে, সেতুটিকে ঘিরে শিক্ষা, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে। তিস্তা পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন খাতেও রয়েছে বিপুল সম্ভাবনা।
সেতুটি চালু হওয়ার ফলে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর হয়ে কুড়িগ্রামের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে জাতীয় অর্থনীতিতে এই সেতু একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
