মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল একই গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের মামা সিরাজ জানান, আশিকুল সকালবেলায় পাশের দুই শিশুর সঙ্গে খেলতে বের হয়। খেলতে খেলতে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ পর খেলার সঙ্গীরা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে, তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আর এইচ/
