চন্দনাইশে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিনহাজুর রহমান (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মোবাইল প্রযুক্তির সহায়তায় পুলিশ গতকাল রোববার (১৭ আগস্ট) দুপুরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকার বাসিন্দা মো. মিজানুল হকের ছেলে ও জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান গত ৫ আগস্ট রাত ১০টার দিকে বাজারে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরবর্তীতে ১৪ আগস্ট শিশুটির পরিবার চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করে এবং আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “মোবাইল প্রযুক্তির সহায়তায় মিনহাজুরের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করি। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আর এইচ/
