বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ নামের একটি সংগঠনের কর্মীরা।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরের চেরাগী পাহাড় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ব্যানারে লেখা ছিল—”কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার জুতা প্রতিবাদ”।
ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক মন্ত্রী, মেয়র ও ছাত্রলীগ নেতাদের ছবির পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শম্পা রেজা, মেহের আফরোজ শাওন, শিল্পী রাহুল আনন্দ, সাংবাদিক জ ই মামুন, শিক্ষক কামরুল হাসান মামুনসহ প্রায় ২০ জনের ছবি প্রদর্শন করা হয়।
প্রতিবাদকারীদের দাবি, এ ব্যক্তিরা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে ‘আওয়ামী ফ্যাসিবাদকে স্বাভাবিক করার’ চেষ্টা করেছেন।
এই কর্মসূচির অন্যতম আয়োজক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার জানান, “স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান আমরা অস্বীকার করি না। কিন্তু এই মৃত্যুবার্ষিকী ঘিরে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। এতে গণ-অভ্যুত্থানের পক্ষের ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই গোষ্ঠীই এক সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত হবে। তাদের মুখোশ উন্মোচনে এ প্রতিবাদ।”
কর্মসূচিতে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
আর এইচ/
