ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনব বড়ুয়া ও এক সহকারী শিক্ষককে মারধরের ঘটনায় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক জানান, বিদ্যালয়ের কিছু বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও রাশেদুল আবেদীনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাশেদুল আবেদীন প্রধান শিক্ষককে কিল-ঘুষি মারেন এবং আহত করেন। পরে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, শিক্ষককে শারীরিকভাবে আঘাত করা মোটেও গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হলেও আইনের ঊর্ধ্বে কেউ নেই। সমস্যা প্রশাসনের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত ব্যক্তি শুধু প্রধান শিক্ষককে নয়, আরও এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন। স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে আইনি ব্যবস্থায় নেওয়া হবে।”
আর এইচ/
