অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশে অসীম ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ তরুণ ও সৃজনশীল জনশক্তি প্রদান করে, যা বিনিয়োগের বড় সম্পদ।”
তিনি উল্লেখ করেন, প্রবাসে থাকা তরুণ বাংলাদেশিরা দেশের জন্য কিছু করার আগ্রহ নিয়ে কাজ করে, যা বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করার সরকারি উদ্যোগ তুলে ধরেন।
এক্সিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুধ বাংলাদেশে এক্সিয়াটার ২৮ বছরের সাফল্যের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া অনুষ্ঠানে পেট্রোনাস, খাজানাহ ন্যাশনাল, সাইম ডারবি প্ল্যানটেশনস, কুয়ালালামপুর কেপং, আইওআই করপোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস, প্রোটন হোল্ডিংস ও টপ গ্লাভ করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফোরামের আগে পুত্রাজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
আর এইচ/
