চট্টগ্রাম নগরের বন্দর থানায় সন্ত্রাসী ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক আবু সাঈদ ওরফে রানা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
রাত দেড়টার দিকে ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় অভিযানের সময় ছিনতাইকারী মো. শাকিল, যার ডাকনাম ‘চাকু শাকিল’, পুলিশের এসআইকে ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানার মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৮ জনকে আটক করেছে। তবে শাকিল এখনও পলাতক রয়েছে। শাকিলের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫ থেকে ২০টি মামলা চলছিল।
আটককৃতরা হলো-মো. হাসান (২২), জাহিদ হাসান (২৩), মনির হোসেন (২৩), শাহাদাত হোসেন (৪৯), মো. দেলোয়ার (২০), মোহাম্মদ দেলোয়ার (২৮), অমিত হাসান শান্ত (২৫), মো. আব্দুল আজিম (৫৫), মো. ইকবাল (৩২), মোশারফ প্রকাশ সাহেব (৪৯), মো. রাব্বি সরকার (২৩), মোহাম্মদ তাসরিফ (২৫), সালাউদ্দীন বাদশা (২৫), নূর উদ্দীন মাসুম (৪২), মো. নূর উদ্দীন (৪৭), ইমতিয়াজুর রহমান (১৯), মো. রিমন (২৯), মো. টিপু (২৪)।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এসআইকে আঘাত করার পরও আমাদের অভিযান থামেনি, শিগগিরই মূল আসামিকেও ধরার ব্যবস্থা নেয়া হবে।’
আর এইচ/
